ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে নতুন প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
বুধবার (২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে।
এনবিআর জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। ফলে করদাতারা এখন ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল এবং প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারছেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে (পেপার) রিটার্ন দাখিল করতে পারবেন।
এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
এনবিআর জানিয়েছে, www.etaxnbr.gov.bd প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই আয়কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন সঠিকভাবে দাখিল হলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ ডাউনলোড করার সুবিধাও থাকবে।
ই-রিটার্ন দাখিলে কোনো ধরনের সমস্যা হলে সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য অনলাইন মাধ্যমের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারীরা ৫ শতাংশ কর প্রণোদনা পাবেন। তবে সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই সুবিধা আর পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
এনবিআর সময়মতো আয়কর রিটার্ন দাখিল করে প্রণোদনার সুবিধা গ্রহণ এবং আইনগত জটিলতা এড়াতে সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে।