Loading...

  • 26 Jul, 2026

২৪ জুলাই ঢাকায় কনসার্ট করবেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

২৪ জুলাই ঢাকায় কনসার্ট করবেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

দীর্ঘ বিরতির পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই বহুল প্রতীক্ষিত কনসার্ট আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে। একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম। পোস্টে তিনি শুধু লিখেছেন, “Dhaka – July 24, 2026”। এর সঙ্গে টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজনের সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে তারা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে এবং নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। মূল কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।

মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হতে যাচ্ছে এই কনসার্ট। তিনি আশা প্রকাশ করেন, এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং দেশ-বিদেশের সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতায় পরিণত হবে।

এদিকে, ২০২৫ সালের নির্ধারিত ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তারা mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Claim’ প্রক্রিয়া সম্পন্ন করলে আবেদন যাচাইয়ের পর নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই সেই টিকিট তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা আগে টিকিটের মূল্য ফেরত চেয়ে আবেদন করেছিলেন কিন্তু এখনো রিফান্ড পাননি, তারাও চাইলে ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে।

উল্লেখ্য, কনসার্টটি মূলত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আয়োজনের পরিকল্পনা ছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। আয়োজকরা তখন জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল করা হয়নি; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সংগীত আয়োজন।