প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় মাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণত গ্রামের অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়তে সরকার এই শ্রেণির গ্রাহকদের বিদ্যুতের দাম অপরিবর্তিত রেখেছে।
তিনি আরও বলেন, সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। সৌরবিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন না হওয়ায় এটি বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয়নি—এটা কি আন্দোলনের বিষয়?”
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।