রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে মারধর ও হেনস্তার অভিযোগে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে টানা প্রায় ৯ ঘণ্টা রেলপথ অবরোধের পর কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রেলওয়ের পক্ষ থেকে চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় অবরোধ তুলে নেওয়া হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় অবরোধের কারণে পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনের চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, অবরোধ প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হলেও বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। পদ্মা, বনলতা, সিল্কসিটি, মহানন্দা, বরেন্দ্র, কপোতাক্ষ, ঢালারচর, ধূমকেতু ও সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ একাধিক ট্রেন বিলম্বিত হয়েছে। এছাড়া মধুমতি, তিতুমীর ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সময়সূচিও প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন, গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে তিনটি ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা, ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে শাটল বাস চালু, আহত শিক্ষার্থীর চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আগামী ৬ আগস্ট অগ্রগতি পর্যালোচনায় পুনরায় বৈঠক আয়োজন।
ঘটনার সঙ্গে অভিযুক্ত টিটিই সুমন আলী বৈঠকে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানায়। তদন্ত কার্যক্রমে প্রশাসন, রেলওয়ে নিরাপত্তা বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। একই সঙ্গে সাময়িক দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়া অর্থ আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দুই টিটিই মারধর ও হেনস্তা করেছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা রেললাইন অবরোধের কর্মসূচি পালন করেন।