Loading...

  • 26 Jul, 2026

আবারও কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য ১,৫২৮ টাকা; কার্যকর আজ সন্ধ্যা থেকে

আবারও কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য ১,৫২৮ টাকা; কার্যকর আজ সন্ধ্যা থেকে

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে স্বস্তি এসেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও এলপিজির দাম কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার নতুন দর ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, প্রতি কেজি এলপিজির দাম ১৫৭ টাকা ৬ পয়সা থেকে কমিয়ে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও একই অনুপাতে সমন্বয় হবে।

এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা একই সময় থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রশমিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমতে শুরু করায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। সেই বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

তবে প্রতি মাসে দাম নির্ধারণ করা হলেও বাজারে অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি হয় না বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডার বিক্রিতে অনুমোদিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।

অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সৌদি আরামকোর ঘোষিত সৌদি কার্গো প্রাইস (সিপি), আমদানি মূল্য এবং ডলারের গড় বিনিময় হার বিবেচনায় প্রতি মাসে দেশে এলপিজির মূল্য সমন্বয় করে আসছে।