জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আবু সাঈদ এই গণ-অভ্যুত্থানের প্রতীক। তাই তাঁকে বাদ দিয়ে নির্মিত কোনো প্রামাণ্যচিত্রকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে। তাঁর ভাষায়, প্রথমেই তিনি লক্ষ্য করেছেন যে সেখানে আবু সাঈদের ছবি নেই। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এরপর বিষয়টি নিয়ে শান্ত থাকা এবং গঠনমূলকভাবে সমাধানের পথে এগোনো উচিত ছিল। সংসদের মতো ওয়াকআউট করাকে তিনি সমীচীন মনে করেন না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই সরকারের কোনো ভুল থাকলে তা জনগণ ও সংশ্লিষ্টরা তুলে ধরবেন এবং সরকার তা সংশোধনের চেষ্টা করবে। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না।”
এর আগে অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে আপত্তি জানালে একপর্যায়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।