আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন তৎপরতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার হওয়া সন্দেহজনক ব্যাগগুলো পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে যেকোনো সন্দেহজনক বস্তু বা পরিত্যক্ত ব্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে।
তিনি জানান, আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা বা উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, তুলনামূলকভাবে অপরাধ ও নাশকতার ঘটনা কমেছে। বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। সম্ভাব্য যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।