গণভোটের ফল বাস্তবায়ন না করার অভিযোগ তুলে ক্ষমতাসীন বিএনপির কঠোর সমালোচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান। তিনি দাবি করেন, গণভোটে জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করে সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাফেজ মেহেদী হাসান বলেন, “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর বিএনপি গণভোটে দেওয়া জনগণের রায়কে গুরুত্ব দেয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে অবস্থান নিয়েছিল, পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে এসেছে। তার ভাষ্য, “জনগণের রায়কে অগ্রাহ্য করে বিএনপি জাতীয় মুনাফেকি ও বেইমানির পরিচয় দিয়েছে।”
বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে রাবি ছাত্রশিবিরের এই নেতা বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন না হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে আন্দোলনে জীবন দিতেও তারা প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং বিভিন্ন রাজনৈতিক দাবিদাওয়া নিয়ে নানা স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীবের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারী। তিনি বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এবং জনগণ গণভোটের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। তার দাবি, সরকারকে গণভোটের ফল ও জুলাই সনদের দাবি বাস্তবায়ন করতে হবে।