দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি এবং স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ নম্বর সীমান্ত পিলারের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ভীমপুর ক্যাম্পের সদস্যরা ৮ নারী ও ১ পুরুষকে জড়ো করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ভাইগড় বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করার উদ্যোগ নেয়।
এ সময় খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্য এবং এলাকাবাসী সীমান্ত এলাকায় সমবেত হয়ে প্রতিবাদ জানান। তাদের উপস্থিতি ও বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের নিয়ে সীমান্ত এলাকা থেকে সরে যায় বলে জানা গেছে।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম বলেন, বিএসএফ ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি তা সফল হতে দেয়নি এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।