Loading...

  • 26 Jul, 2026

বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানির সুফল পাবে বাংলাদেশও

বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানির সুফল পাবে বাংলাদেশও

ফুটবল বিশ্বকাপ শুধু অংশগ্রহণকারী দলগুলোর জন্যই নয়, ফিফার সদস্যভুক্ত দেশগুলোর ফুটবল উন্নয়নেও বড় ভূমিকা রাখে। ২০২৬ বিশ্বকাপে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করায় বাংলাদেশও এর আর্থিক সুবিধা পাবে। বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ উন্নয়ন তহবিল হিসেবে সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করে ফিফা, যার আওতায় থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।

এবারের বিশ্বকাপে ৪৮টি দল চূড়ান্ত পর্বে অংশ নিলেও বাছাইপর্বে খেলেছে বিশ্বের প্রায় সব দেশের জাতীয় দল। সম্প্রসারিত এই আসরের জন্য ফিফা মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি

প্রাইজমানির কাঠামো অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, রানার্সআপ ৩৩ মিলিয়ন, তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন এবং চতুর্থ স্থান পাওয়া দল ২৭ মিলিয়ন ডলার। এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ২০ মিলিয়ন ডলার, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো ১৬ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ১২ মিলিয়ন ডলার করে। প্রতিটি অংশগ্রহণকারী দলকে প্রস্তুতি ও যাতায়াত ব্যয়ের জন্য অতিরিক্ত আড়াই মিলিয়ন ডলারও দেওয়া হয়েছে।

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টুর মতে, বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর ফলে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য সুযোগও বেড়েছে। এতে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা যেমন তীব্র হবে, তেমনি সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নের জন্য ফিফার আর্থিক সহায়তাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তিনি বলেন, বিশ্বকাপ থেকে ফিফা যে বিপুল আয় করে, তার একটি অংশ সদস্য অ্যাসোসিয়েশনগুলোর গেম ডেভেলপমেন্ট কর্মসূচিতে ব্যয় করা হয়। ফলে বিশ্বকাপ শেষে বাংলাদেশও ফুটবল অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাবে।

এদিকে মাঠের লড়াইয়েও এবারের বিশ্বকাপ নতুন ইতিহাস গড়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৯৭টি গোল হয়েছে। সর্বোচ্চ আটটি করে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। আগামী রোববারের ফাইনালের পর নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়নের পাশাপাশি আসরের সেরা খেলোয়াড় ও অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের বিজয়ীরাও।