Loading...

  • 26 Jul, 2026

বিয়ের পর বড় সামাজিক উদ্যোগে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

বিয়ের পর বড় সামাজিক উদ্যোগে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পর নতুন এক সামাজিক উদ্যোগে যুক্ত হয়েছেন। উদয়পুরে রাজকীয় বিয়ের পরপরই তারা তেলেঙ্গানার শিক্ষা খাতে অবদান রাখার লক্ষ্যে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই তারকা দম্পতি তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রামে একটি শিক্ষা সহায়তা কর্মসূচি শুরু করেছেন। এটি বিজয়ের বাবার জন্মস্থান হওয়ায় এই গ্রাম থেকেই উদ্যোগটির সূচনা করা হয়েছে।

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা স্থানীয়ভাবে নবম ও দশম শ্রেণির মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে ১৮০ জন শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যারা এই সহায়তা পেতে যাচ্ছে।

গ্রামের এক অনুষ্ঠানে বিজয় বলেন, এই উদ্যোগটি তাদের কাছে ছোট হলেও অর্থবহ। তিনি জানান, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তার লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও শৃঙ্খলা আরও উৎসাহিত করা।

রাশমিকা মান্দানাও অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই কার্যক্রম শুরু করার কথা উল্লেখ করেন। তিনি নিজেকে নতুনভাবে পরিচয় করিয়ে “রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা” হিসেবে উল্লেখ করেন এবং উদ্যোগটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

চলচ্চিত্রের বাইরে বাস্তব জীবনে এই তারকা জুটির এমন সামাজিক উদ্যোগ ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর আগে তারা একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।