Loading...

  • 28 Jul, 2026

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি দায়িত্ব পালনের প্রথম কর্মদিবস শুরু করেন।

বঙ্গভবনে পৌঁছালে পুলিশের একটি অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণের পর তিনি বঙ্গভবনের কার্যালয়ে প্রবেশ করেন এবং দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, জনবিভাগ সচিবসহ বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রশাসনিক এলাকা পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে তার এই কার্যক্রমের মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু হলো।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর গত রোববার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সেখানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।