Loading...

  • 26 Jul, 2026

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংযত থাকার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংযত থাকার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা থাকলেও সেটি যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়, সে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, খেলা আনন্দ ও বিনোদনের বিষয়, তাই সমর্থনের আবেগ যেন কখনো প্রাণহানির কারণ না হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে বিশ্বকাপ ফুটবলের আমেজে পুরো দেশ মুখর। বিশেষ করে তরুণ ও নতুন প্রজন্মের মধ্যে এ উৎসাহ আরও বেশি। টেলিভিশন, অনলাইন ও বিভিন্ন মাধ্যমে মানুষ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি ঘরেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক ও প্রতিদ্বন্দ্বিতা চলছে। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় তাদের সমর্থকদের মধ্যে হতাশা রয়েছে। তবে এই প্রতিদ্বন্দ্বিতা যেন শুধুই খেলার মাঠ ও সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মো. আমিনুল হক জানান, তার কাছে থাকা তথ্য অনুযায়ী ইতোমধ্যে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, "খেলা মানুষের আনন্দের জন্য। এটিকে কেন্দ্র করে উৎসাহ ও উন্মাদনা থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই যেন এই আবেগ সহিংসতা বা প্রাণনাশের কারণ না হয়।"

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপের আনন্দ সবাই মিলে উপভোগ করতে হবে। মতপার্থক্য বা ভিন্ন দলের সমর্থন যেন সামাজিক সম্প্রীতি নষ্ট না করে এবং খেলার সৌন্দর্য অক্ষুণ্ন থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।