প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গৌরনদীসহ বরিশাল সফর করবেন তিনি। এ সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতারা সমন্বিতভাবে কাজ করছেন। প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) রাত ৮টায় বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। কর্মীসভায় আগামী ১৩ জুলাইয়ের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং সাংগঠনিক প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
কর্মীসভার একপর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের জন্য বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়, যখন তথ্যমন্ত্রীর মোবাইল ফোনে সরাসরি যুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নেতাকর্মীরা তাকে সালাম ও শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন এবং টেলিফোনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ফোনালাপে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৩ জুলাই গৌরনদী সফরে তিনি সবার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। তার এই বার্তায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
এদিকে সফরকে সফল করতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন ধারাবাহিকভাবে প্রস্তুতি কার্যক্রম তদারকি করছেন। তিনি ইতোমধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছেন। সফরের নিরাপত্তা, অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
কর্মীসভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। সভায় আরও বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না।
এ ছাড়া গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।