Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

বরিশালে এসে ভালো লাগছে: মার্কিন রাষ্ট্রদূত

বরিশালে এসে ভালো লাগছে: মার্কিন রাষ্ট্রদূত

দুই দিনের সফরে বরিশালে গিয়ে নদী ও জলপথের সৌন্দর্য উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে ঝালকাঠির ভিমরুলিতে গিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সড়কপথে বরিশাল থেকে ঝালকাঠির ভিমরুলিতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার সফরের বিষয়টি জানানো হয়।

পোস্টের ক্যাপশনে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!’

এর আগে শনিবার রাতে একটি বিলাসবহুল লঞ্চে করে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি বরিশাল সার্কিট হাউসে যান।

দুই দিনের সফরে রাষ্ট্রদূতের বরিশাল ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে বরিশালের ঐতিহাসিক মিয়া বাড়ির মসজিদ পরিদর্শন এবং নগরীর সকাল-সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন।

রোববার দুপুরে বরিশালের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

সফরের দ্বিতীয় দিনে সোমবার অক্সফোর্ড মিশন চার্চ এবং গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনের কথা রয়েছে তার। পরে ঢাকায় ফেরার পথে পদ্মা সেতু সার্ভিস এরিয়াতেও পরিদর্শন করবেন মার্কিন রাষ্ট্রদূত।

দুই দিনের এই সফরে বরিশালের ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় সংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।