বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে চাপমুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ও টিকে থাকা শুধু সরকারের দায়িত্ব নয়; বরং রাষ্ট্র, সমাজ ও জনগণের সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন, সাংবাদিকতা ছাড়া একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না। তবে এ পেশাকে টিকিয়ে রাখার মতো কার্যকর পৃষ্ঠপোষকতার কাঠামো এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। ফলে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করা গেলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে, আর শক্তিশালী গণমাধ্যম দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
সভা শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।