Loading...

  • 17 Oct, 2026
সর্বশেষ

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) নিশ্চিত করেছে।

নিহত আল আমিন সরদারের বয়স ২৫ বছর। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়।

পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে চট্টগ্রাম নগরের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় ছিনতাইকারী সন্দেহে কয়েকজন যুবককে থামার সংকেত দেওয়া হয়। তাদের একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরতে পুলিশ সদস্যরা ধাওয়া করেন। আল আমিনও মোটরসাইকেল নিয়ে ওই যুবককে ধরার চেষ্টা করেন।

এ সময় একটি বাসের ধাক্কায় আল আমিন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করেন। এ ঘটনায় বাসচালক মোশাররফ ও বাসের স্টাফ জয় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কর্তব্যরত অবস্থায় কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।