দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পকারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রমে গতি আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দীর্ঘদিন ধরে অচল থাকা শিল্পকারখানাগুলো চালুর ক্ষেত্রে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা দ্রুত দূর করে কার্যক্রমে গতি আনতে হবে। পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করা হবে।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।