চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়। গুলিগুলোর উৎস, কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের গুলি রয়েছে। প্রাথমিকভাবে এগুলো ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতেই নালায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া গুলিগুলো কী ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে ফেলে রাখা হয়েছে—এসব বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে, এর একদিন আগে শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র্যাব-৭।
উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি সাদা রঙের বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো বের করে নালার পাশে সাজিয়ে রাখা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা কিংবা সেটি উদ্ধার অভিযানের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলোর প্রকৃতি ও উৎস শনাক্ত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।