Loading...

  • 26 Jul, 2026

চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় এই জামিনের পরও আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। অভিযোগ অনুযায়ী, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং গুলি ছুড়ে তাদের হত্যার চেষ্টা করা হয়।

এই ঘটনার জেরে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

আইনজীবী সূত্রে জানা গেছে, চুনারুঘাটের এই মামলায় হাইকোর্ট জামিন দিলেও তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় জামিনের রুল এখনও হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় বর্তমানে তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। ফলে এ মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার কারণে তাকে আপাতত কারাগারেই থাকতে হবে।