Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

দেশ গড়ার আন্দোলনের সময় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

দেশ গড়ার আন্দোলনের সময় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

দেশকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ শুরু হওয়ার সময়ে একটি মহল আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় সংসদের এলডি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে তারেক রহমান কাজ শুরু করেছেন। চারদিকে যখন নতুন করে দেশ গড়ার আন্দোলন শুরু হতে যাচ্ছে, ঠিক সেই সময়ে একটি মহল দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, সংসদীয় পদ্ধতিতে সরকার পরিচালনা করে সংসদের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায় বিএনপি। কিন্তু একটি মহল রাজপথে নেমে অন্যায়ভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

মির্জা ফখরুল সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, অতীতেও দেখা গেছে, দেশ যখন উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যায়, তখন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই অগ্রযাত্রাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

বিএনপির মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশ ধ্বংসের মুখে পড়েছিল বলে তারা মনে করেন। সেই পরিস্থিতি থেকে দেশকে পুনর্গঠনের দায়িত্ব বিএনপির ওপর পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দেশ গঠনে ভূমিকা রেখেছেন। এখন একই দায়িত্ব তাদের ছেলে তারেক রহমানের ওপর এসে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

চিকিৎসক সমাবেশে দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকার চিকিৎসক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।