জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে। রোববার (১৪ জুন) এসব ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে গুরুতর অবস্থায় থাকা শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীরা স্থানীয়ভাবেই উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে করে জটিল রোগীদের ঢাকাসহ বড় শহরে স্থানান্তরের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
যেসব হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট চালু হচ্ছে সেগুলো হলো—মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
প্রতিটি ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম যেমন পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় জীবনরক্ষাকারী যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। পাশাপাশি এসব আইসিইউ পরিচালনার জন্য চিকিৎসক, নার্স ও টেকনিক্যাল জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় বলছে, জেলা পর্যায়ে নিবিড় পরিচর্যা সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে জরুরি পরিস্থিতি, দুর্ঘটনা এবং সম্ভাব্য মহামারি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইআরপিপি প্রকল্পের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যখাতে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার করা। জেলা পর্যায়ে আইসিইউ স্থাপনকে এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।