দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তা নীরবে মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি আরেকটি গণআন্দোলনের দিকে এগোচ্ছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না।” তিনি দেশবাসীকে সম্ভাব্য নতুন আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্যায় ও অবিচারের পরিণতি একসময় অনিবার্য হয়ে ওঠে। তাঁর ভাষায়, পাপের ফল একসময় প্রকাশ পায় এবং সরকার যদি বর্তমান পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের পতন ঠেকানো সম্ভব হবে না।
জামায়াত আমির অভিযোগ করেন, অতীতে যেসব জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে, বর্তমানে সেসব আচরণের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, জনগণের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করলে জনগণও সেই পরিচয়েই মূল্যায়ন করবে। তাই জনগণকে সম্মান করার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সরকার বা রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। তিনি দাবি করেন, জনগণের মতামতকে সম্মান জানাতে হবে এবং গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, বিভিন্নভাবে আপসের চাপ ও নানা ধরনের প্রস্তাব এলেও জনগণের রায়ের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না। তিনি বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত, মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।