Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাই, বন্দরে থানায় মামলা

ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাই, বন্দরে থানায় মামলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও শনিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আলতাফ হোসেন তার ছোট ভাই শাহাদাত হোসেনের কাগজের ব্যবসার ব্যাংকিং লেনদেন পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মদনপুরে একটি ব্যাংক শাখা থেকে শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের একটি চেকের বিপরীতে ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। তার সঙ্গে থাকা আরও দেড় লাখ টাকা মিলিয়ে মোট ১৮ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এজাহারে উল্লেখ করা হয়, বন্দর উপজেলার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে অটোরিকশা থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ডিবি পুলিশের পোশাকসদৃশ কোট পরা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি করেন। তিনি এর প্রতিবাদ করলে জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, পরে তার হাত-পা ও চোখ বেঁধে হাতকড়া পরিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা ১৮ লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট বিভিন্ন স্থানে ঘোরানোর পর তাকে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।