রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ৩০ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৯ জন, গুলশান বিভাগ থেকে ২৯ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ১৬টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই, ৪৪৩টি সিমকার্ড এবং বিস্ফোরক তৈরির উপকরণ হিসেবে সন্দেহভাজন কিছু সামগ্রী। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।