Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

গণভোট নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর, ‘চূড়ান্ত সিদ্ধান্তের স্থান সংসদ’

গণভোট নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর, ‘চূড়ান্ত সিদ্ধান্তের স্থান সংসদ’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণভোট নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদই রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের স্থান এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ক্ষমতা সংসদের মাধ্যমেই কার্যকর হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর আমতলা মোড় এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে জনগণের ভোটে গঠিত সংসদের বিকল্প কোনো ক্ষমতাকেন্দ্র জনগণ গ্রহণ করে না। তিনি বলেন, দেশের সংবিধান, রাষ্ট্রব্যবস্থা, রাজনীতি কিংবা অন্য কোনো ক্ষেত্রেই নির্বাচিত সংসদের চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন কোনো কর্তৃপক্ষের স্থান নেই।

তিনি আরও বলেন, কোনো বিষয় নিয়ে মতপার্থক্য বা বিতর্ক সৃষ্টি হলে তার সাংবিধানিক ও গণতান্ত্রিক সমাধানের একমাত্র পথ সংসদ। তাই গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।