বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলছে এবং আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পরবর্তীতে ৩০ জুন তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলে নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর দ্রুত সুস্থতার স্বার্থে আপাতত হাসপাতালে ভিড় না করতে এবং সাক্ষাৎ থেকে বিরত থাকতে। তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।