Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

জীবননগর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে প্রতিহত করল বিজিবি

জীবননগর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ আগস্ট) ভোরে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির টহল দলের সদস্যরা তা ঠেকিয়ে দেন।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোর ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ৭০/২-এস সীমান্ত পিলার সংলগ্ন গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বাংলাদেশের সীমান্তে প্রবেশের আগেই মাধবখালী বিজিবি ক্যাম্পের (বিওপি) টহল দলের সদস্যরা ওই তিনজনকে দেখতে পান। পরে বিজিবি সদস্যরা শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজিবির সদস্যরা সেখানে দৃঢ় অবস্থান নেওয়ায় বিএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেননি। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর সকাল ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।

পরবর্তীতে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে ওই তিনজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। এর মধ্য দিয়ে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্তে এ ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। জীবননগর সীমান্তের ঘটনাটিও সেই সতর্ক অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।