জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে রাজধানীর মিরপুরে আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর জানিয়েছেন, প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে এসব ভবনে শহীদ পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
বুধবার (৫ আগস্ট) পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি দাবি করেন, বর্তমান সরকার আন্দোলনের প্রতিটি আত্মত্যাগ ও স্মৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই পুনর্বাসনসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে সেখানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
আহমেদ সোহেল মঞ্জুর আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের অবদান উল্লেখযোগ্য। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত বিভিন্ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার-এর সঞ্চালনায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
এর আগে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ এমদাদুল হক-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহা পাঠ, জিয়ারত এবং শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।