Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

জুলাই স্মৃতি জাদুঘরে সীমান্ত হত্যা, ফেলানি হত্যা ও ভারতবিরোধী আন্দোলনের যথাযথ ইতিহাস তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি ভারতকে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এনসিপির প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের পর জুলাই স্মৃতি জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীতে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক আবু সাঈদসহ গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা ও ভূমিকা যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পাশাপাশি সীমান্ত হত্যা, ফেলানি হত্যা এবং ভারতবিরোধী আন্দোলনের ইতিহাসও জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। তাঁর অভিযোগ, এসব বিষয় বাদ দেওয়ার মাধ্যমে জুলাই আন্দোলনের সামগ্রিক ইতিহাসকে অসম্পূর্ণভাবে উপস্থাপন করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদসহ শহিদদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের বিভিন্ন এলাকার আন্দোলনকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু জাদুঘরে এসব বিষয় এখনো যথেষ্ট গুরুত্ব পায়নি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে পরিচিত কয়েকজন মুখকে বারবার সামনে না এনে আন্দোলনের সামগ্রিক চিত্র তুলে ধরা উচিত। বিভিন্ন শ্রেণি-পেশা ও অঞ্চলের মানুষের অংশগ্রহণকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

জুলাই স্মৃতি জাদুঘরের বর্তমান ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।

আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে একটি স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনার মাধ্যমে জাদুঘর পরিচালনার পরামর্শ দেন নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের জাদুঘরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের জাতীয় ইতিহাসের ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে জাদুঘরের অব্যবহৃত স্থানগুলো আরও সৃজনশীলভাবে ব্যবহার করা যেতে পারে।

এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ বললেও ভারতের বিষয়ে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। সরকারের ‘আপসকামী’ অবস্থানের সুযোগ নিয়েই দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের এসব বক্তব্যের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।