Loading...

  • 26 Jul, 2026

কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার হেল্পার

কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার হেল্পার

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ঢাকাগামী স্লিপার কোচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া শেখ রাতুল (২৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযানের সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার করা ইয়াবার চালান এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হেল্পার শেখ রাতুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসচালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করেও তদন্ত চালিয়ে যাচ্ছে।