গত কয়েকদিন ধরে খবর ছড়িয়েছিল, আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি স্থানীয় সময় এগিয়ে আনা হতে পারে। সেই সঙ্গে একই দিনের অন্য ম্যাচগুলোর সময়সূচিও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় নিয়েও নানা জল্পনা ছিল।
তবে সবদিক বিবেচনা করে পূর্বঘোষিত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফলে বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) ভোর ৬টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড। অন্যদিকে রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে।
জানা গেছে, আবহাওয়ার পরিস্থিতি নিয়ে ফিফা, মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যার পরিবর্তে দুপুরে আয়োজনের প্রস্তাবও উঠেছিল। তবে ভ্রমণসূচি, সম্প্রচার পরিকল্পনা, স্টেডিয়াম পরিচালনা এবং অন্যান্য লজিস্টিক জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
সিদ্ধান্ত গ্রহণে জননিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ বিবেচনায় ছিল। স্থানীয় প্রশাসনের আশঙ্কা ছিল, বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ গভীর রাতে শেষ হলে বিপুলসংখ্যক দর্শকের নিরাপদে স্টেডিয়াম ত্যাগ নিশ্চিত করা কঠিন হতে পারে। এছাড়া বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতে কয়েকটি ম্যাচ ঘিরে উত্তেজনার ঘটনাও প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে এটিই হবে শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে। ফলে আবহাওয়া নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা।