রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন ও ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) বোমাসদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবরে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। তবে বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষায় দুটি ঘটনাতেই কোনো বিস্ফোরক না পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, দুপুর ১২টা ৫৮ মিনিটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান নিরাপত্তাকর্মীরা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় মেট্রোরেলের ট্রেনগুলো মিরপুর-১০ স্টেশন এড়িয়ে চলাচল করে।
খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করে। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে পরীক্ষা করা হয়।
পরীক্ষায় দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা (ডিব্বা) ও পান। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর বেলা ১টা ৫০ মিনিটে, প্রায় ৫২ মিনিট পর, স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই সময়ে তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে বস্তুটি পরীক্ষা করে।
পরে হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, ওই বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু ছিল না।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো সন্দেহজনক বস্তু সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।