Loading...

  • 28 Jul, 2026

মিরপুরে যাত্রা শুরু করল আকিজ মেডিপ্লেক্স, এআই-সহায়ক প্রযুক্তিতে আধুনিক স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি

মিরপুরে যাত্রা শুরু করল আকিজ মেডিপ্লেক্স, এআই-সহায়ক প্রযুক্তিতে আধুনিক স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি

রাজধানীর মিরপুর-১০ এলাকায় আধুনিক চিকিৎসা ও উন্নত ডায়াগনস্টিক সুবিধা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের প্রযুক্তি, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদান করছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সুবিধার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি পরীক্ষার ফলাফল আরও নির্ভুল ও দ্রুত প্রস্তুত করতে সহায়তা করলেও রোগ নির্ণয় এবং চিকিৎসা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকরাই গ্রহণ করবেন।

আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই চিকিৎসকের বিকল্প নয়। বরং উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআই-সহায়ক বিশ্লেষণ চিকিৎসকদের আরও নির্ভুল তথ্য দিয়ে দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে।

প্রতিষ্ঠানটিতে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির আধুনিক প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন উন্নত চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এছাড়া অভিজ্ঞ প্যাথলজিস্ট ও ল্যাব টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে সব ধরনের পরীক্ষা পরিচালিত হচ্ছে।

রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবহৃত আধুনিক সিটি স্ক্যান প্রযুক্তিতে প্রচলিত ব্যবস্থার তুলনায় সর্বোচ্চ ৮২ শতাংশ পর্যন্ত কম রেডিয়েশন ব্যবহার করা সম্ভব বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি রোগীদের ঝুঁকি কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করতে আকিজ মেডিপ্লেক্সে চালু করা হয়েছে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা। এই প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক মিনিটে একজন রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পরিমাপ করা সম্ভব। চিকিৎসকদের জন্য এসব তথ্য রোগীর প্রাথমিক স্বাস্থ্য মূল্যায়ন এবং রোগ নির্ণয়ে সহায়ক হিসেবে ব্যবহৃত হবে।

এছাড়া রোগীদের সুবিধার্থে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইনে পরীক্ষার রিপোর্ট সংগ্রহ, ফার্মেসি এবং হোম স্যাম্পল কালেকশন সেবাও চালু করা হয়েছে। ফলে একই স্থানে পরীক্ষা, রিপোর্ট এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুবিধা পাচ্ছেন রোগীরা।

আকিজ রিসোর্স জানিয়েছে, আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং রোগীবান্ধব সেবার সমন্বয়ে দেশের মানুষের জন্য সহজলভ্য, দ্রুত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আকিজ মেডিপ্লেক্সের প্রধান লক্ষ্য।