Loading...

  • 28 Jul, 2026

নিজেকে যোগ্য করে তুললেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: নতুন কুঁড়ির সমাপনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেকে যোগ্য করে তুললেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: নতুন কুঁড়ির সমাপনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্য করে তুলতে পারলেই একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজারো শিক্ষার্থীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে বর্তমান প্রজন্মের ওপর। এখান থেকেই বেরিয়ে আসবে দেশের সেরা চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, “নিজেকে কখনো ছোট মনে করবে না। তুমি যত বেশি নিজেকে যোগ্য করে গড়ে তুলবে, ততই সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবে।”

তিনি গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, শিশুদের খেলাধুলা ও সাফল্যের খবরকে দেশের প্রধান সংবাদ হিসেবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ, তারাই ভবিষ্যৎ বাংলাদেশের প্রকৃত সম্পদ।

প্রধানমন্ত্রী দেশের শিক্ষা খাতের কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। কোথাও কোথাও শ্রেণিকক্ষে ফ্যান পর্যন্ত ঠিকভাবে চলে না। তবে এসব সমস্যা ধাপে ধাপে সমাধানে সরকার কাজ করছে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তারা দেশ গঠনের দায়িত্ব নিতে প্রস্তুত কি না। জবাবে গ্যালারিতে থাকা হাজারো শিক্ষার্থী হাত তুলে সম্মতি জানালে তিনি তাদের ধন্যবাদ জানান এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

পরিবেশ সংরক্ষণেও নতুন প্রজন্মকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র প্লাস্টিকের বোতল বা বর্জ্য ফেলা যাবে না, নদী-খাল পরিষ্কার রাখতে হবে এবং প্রত্যেককে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

শিশুদের সার্বিক বিকাশে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা পড়াশোনা, সংগীত, চিত্রাঙ্কন বা খেলাধুলায় নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়, তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে খুদে ক্রীড়াবিদদের এই পর্যায়ে নিয়ে আসার পেছনে অভিভাবক, শিক্ষক ও কোচদের অবদানের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও আর্থিক পুরস্কারের চেক বিতরণ করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বক্তব্য দেন। এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, প্রতিমন্ত্রী মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আটটি ভিন্ন ডিসিপ্লিনে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ অংশ নেয়। পরবর্তীতে আঞ্চলিক বাছাই শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।