Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

‘নিয়োগ বাণিজ্যের জায়গায় মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’: জামায়াত আমির

‘নিয়োগ বাণিজ্যের জায়গায় মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’: জামায়াত আমির

নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি ও দুর্নীতির সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নিয়োগ বাণিজ্যের জায়গাকে অনেকেই ‘মধুর চাক’ মনে করেন। এই সংস্কৃতি বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় চুরি, দুর্নীতি ও লুটপাটের প্রবণতা শুরু হয়েছে। চাঁদাবাজদের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে প্রয়োজন হলে একবার নয়, শতবার রাজপথে নামবেন। দেশের মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন।

দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, যারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের এ দেশে থাকার সুযোগ থাকবে না। একই সঙ্গে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ আর ‘দিল্লির খবরদারি’ মেনে নেবে না।

জনসভায় তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং দেশের প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থায় অনিয়মের সংস্কৃতি বন্ধ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।