অসৌজন্যমূলক আচরণের অভিযোগের পর ভারতের রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিতে দিল্লি গিয়েছিলেন।
সূত্র জানায়, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন তিনি। পরে সফর বাতিল করে তিনি কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, উপদেষ্টা সাধারণ পাসপোর্টে ভ্রমণ করছিলেন। বিমানবন্দরে নামার পর তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য আটকে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
পরে পরিস্থিতি বিবেচনায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সফর অব্যাহত রাখার অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক ও প্রটোকল প্রক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।