অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্টে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন তিনি।
দুর্দান্ত এই ইনিংসের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিদ তামিম বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ।’ অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারা এবং নিজের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি পাওয়াকে ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে প্রতিক্রিয়া বিনিময়ের সময় তানজিদ বলেন, অস্ট্রেলিয়ায় খেলাটা তাঁর জন্য দারুণ একটি সুযোগ। একইসঙ্গে এই সফরে প্রথমবারের মতো খেলা এবং এত দ্রুত সেঞ্চুরি পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।
দলের প্রয়োজন অনুযায়ী নিজের ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেছিলেন বলেও জানান এই ওপেনার। তিনি বলেন, দল তাঁর কাছে যেভাবে খেলতে চেয়েছে, সেভাবেই ব্যাট করার চেষ্টা করেছেন। উইকেট ভালো থাকায় স্বাভাবিক ক্রিকেট খেলার পাশাপাশি প্রতিপক্ষের বিভিন্ন আক্রমণের সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছেন।
তানজিদের এই সেঞ্চুরি শুধু ব্যক্তিগত অর্জন নয়, ম্যাচের পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ।
তবে ব্যক্তিগত মাইলফলক নিয়ে বেশি না ভেবে এখন দলের সাফল্যের দিকেই মনোযোগ তানজিদের। বাকি সেশনগুলোতে বাংলাদেশ নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভালো ক্রিকেট খেলতে পারলে ম্যাচে বড় কিছু অর্জন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।