Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করায় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়ার পর প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় জয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় অর্জিত হয়। এর আগে ২০১৭ সালে ঢাকায় অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

জানা গেছে, বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পথে ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। দেশে ফিরে ক্রিকেটারদের স্বাগত জানানোর অপেক্ষায় থাকার কথাও তিনি বলেন। ভিডিও কলে দলের খেলোয়াড়দের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং অস্ট্রেলিয়ার আবহাওয়া ও সেখানকার গরম নিয়েও জানতে চান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক জয়কে সামনে রেখে বাংলাদেশ পরবর্তী টেস্টেও ভালো ক্রিকেট খেলবে এবং দুই ম্যাচের সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে।

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়টি এসেছে দারুণ দলীয় পারফরম্যান্সের ওপর ভর করে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ১০১ রানের ইনিংসসহ বাংলাদেশের ব্যাটাররা ৪২৬ রান সংগ্রহ করেন। এতে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ম্যাচসেরা হাসান মাহমুদ দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেহেদী হাসান মিরাজও বল হাতে বড় অবদান রাখেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে প্রথম টেস্টেই স্বাগতিকদের পরাজিত করা বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দেশের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এই জয়কে দলের জন্য অত্যন্ত বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করেছেন, ম্যাচে বাংলাদেশ তাদের সব বিভাগেই ছাড়িয়ে গেছে।

এদিকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে। প্রথম টেস্টে জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে দ্বিতীয় টেস্টে জয় বা ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাসও গড়বে টাইগাররা।