বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাসে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চক্ষু স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি, উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণ, অন্ধত্ব প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিশেষভাবে দৃষ্টিপ্রতিবন্ধিতা কমিয়ে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, প্রাথমিক পর্যায়ে চোখের রোগ শনাক্তকরণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চক্ষু চিকিৎসা সহজলভ্য করতে সরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আইএপিবি প্রতিনিধিদলকে অবহিত করেন।
বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমিয়ে আনতে এবং চক্ষু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারের মাধ্যমে দেশের চক্ষু স্বাস্থ্য খাতে নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে মানসম্মত চোখের চিকিৎসা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।