শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পরীক্ষার হলে নকল প্রতিরোধে কঠোরতা আরোপকে আন্দোলনের কারণ হিসেবে দেখার সুযোগ নেই।
শুক্রবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না—এটা কি আন্দোলনের বিষয় হলো?’ তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছেন, যাতে শিক্ষার্থীরা প্রকৃত মেধার ভিত্তিতে মূল্যায়িত হতে পারে।
চলমান আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, ‘শিক্ষামন্ত্রী চান কেউ নকল করে পাস করতে না পারে এবং শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই থাকুক। এজন্য তিনি সমালোচনার মুখে পড়বেন বা পদত্যাগ করবেন—এমন দাবি যৌক্তিক নয়।’
সরকারের প্রশাসনিক কার্যক্রম প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ছয় মাসে প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই সচিবালয়ে উপস্থিত হন, যার ফলে কর্মকর্তারাও সময়মতো কর্মস্থলে পৌঁছাচ্ছেন।
তিনি আরও বলেন, সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এ উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ও কৃষকরা সরাসরি সরকারি সহায়তার আওতায় আসতে পারেন।