নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। এ সময় তার নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সিইসি জানান, সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে।
তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে থাকলে রাষ্ট্রপতি নির্বাচন এক ধরনের প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়, আর অধিবেশন না থাকলে আইন অনুযায়ী ভিন্ন ব্যবস্থা অনুসরণ করা হয়। বৈঠকে এ বিষয়গুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা জাতীয় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা হবে এবং এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সম্পর্কিত কোনো বিষয় বৈঠকে আলোচনায় আসেনি।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং তাহমিদা আহমেদও উপস্থিত ছিলেন।