Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব স্থায়ী কমিটি তারেক রহমানকে দিয়েছে। ফলে সংবিধান অনুযায়ী আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা এখন দলীয় প্রধানের হাতে থাকছে।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও সার্বিক রাজনৈতিক কৌশল নিয়েও বৈঠকে মতবিনিময় হয়েছে। তবে সম্ভাব্য কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।