নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে রোববার (৯ আগস্ট) একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে গঠিত ছয়টি কমিটি হলো—সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।
সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে। প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে বিভিন্ন কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, প্রয়োজনের ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটিগুলোতে আরও কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। কমিটিগুলোকে চিঠি পাওয়ার পরপরই সভা আহ্বান করে নিজ নিজ দায়িত্বের বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।
এ ছাড়া কমিটিগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে জানাতে হবে। প্রয়োজন অনুযায়ী তার কাছ থেকে পরবর্তী নির্দেশনাও নিতে বলা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে এসব কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে অনুষ্ঠানটির অতিথি ব্যবস্থাপনা, আসন বিন্যাস, আমন্ত্রণপত্র, নথি সংরক্ষণ, অভ্যর্থনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বগুলো আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।