Loading...

  • 26 Jul, 2026

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি ৮ জুলাই

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি ৮ জুলাই

হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি পিছিয়ে আগামী ৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, শুনানির দিন মামলার নথি আদালতে উপস্থাপন করা সম্ভব না হওয়ায় নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৮ জুলাই ভার্চুয়াল মাধ্যমে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম গত ২ জুলাই খায়রুল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন। তবে প্রয়োজনীয় নথিপত্র আদালতে না থাকায় শুনানি মুলতবি করা হয়। উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় তিনি এখনো মুক্তি পাননি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা শাহবাগের উদ্দেশ্যে যাওয়ার পথে হামলা, গুলিবর্ষণ, ককটেল ও হাতবোমা নিক্ষেপের শিকার হন। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এর আগে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পাঁচ মামলাসহ মোট আটটি মামলায় খায়রুল হক জামিন লাভ করেছেন। তবে নতুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় বিষয়টি নিয়ে আগামী ৮ জুলাই আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।