Loading...

  • 28 Jul, 2026

সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআইকে নির্দেশ

সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআইকে নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগে ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামে একটি ফেসবুক পেজের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান।

মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামে পরিচালিত একটি ফেসবুক পেজকে বিবাদী করা হয়েছে। এছাড়া আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ এবং কাজী নুমি নামে চারজন ফেসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মোহাম্মদ আজিজুর রহমান ফেসবুকে নিজের সম্পর্কে একটি পোস্ট দেখতে পান। তার অভিযোগ, ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামের পেজ থেকে পোস্টটি প্রকাশ করা হয়। পরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এর প্রতিবাদ জানালে কয়েকজন ব্যবহারকারী সেখানে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন।

বাদীর দাবি, ওই পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ জানান, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করেছেন। এ অভিযোগে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হলে মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।