Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

সব ডিসির জন্য জরুরি নির্দেশনা, রাষ্ট্রীয় প্রটোকলে জেলা পরিষদ প্রশাসক-চেয়ারম্যানের মর্যাদা নিশ্চিতের নির্দেশ

সব ডিসির জন্য জরুরি নির্দেশনা, রাষ্ট্রীয় প্রটোকলে জেলা পরিষদ প্রশাসক-চেয়ারম্যানের মর্যাদা নিশ্চিতের নির্দেশ

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলভিত্তিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) জরুরি নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সরকারি সভা, জাতীয় দিবসসহ সব প্রটোকলিক আয়োজনে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা নির্দেশনায় উল্লেখ করা হয়, আসন বিন্যাস, আমন্ত্রণপত্র, সরকারি চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব প্রটোকল-সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে মেনে চলতে হবে। এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ বলছে, এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে রাষ্ট্রীয় প্রটোকল যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা। নির্দেশনা কার্যকর হলে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা সরকারি বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রাপ্য অগ্রাধিকার ও মর্যাদা পাবেন।

এ নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।