দেশব্যাপী মাদকের বিস্তার রোধে শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের মূলহোতাদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এবং তালিকা চূড়ান্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ভয়াবহ বিস্তার দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণ এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, কক্সবাজারের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স ইতোমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই টাস্কফোর্সের মাধ্যমে শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তালিকা প্রস্তুত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদক চোরাচালানের প্রতিটি রুট চিহ্নিত করে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। একই সঙ্গে স্থলপথের পাশাপাশি জলপথে মাদক পাচার ঠেকাতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, শুধু মাদকের মূলহোতাই নয়, পাচারে জড়িত বাহক বা ‘ক্যারিয়ার’দেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদকের পুরো সরবরাহ চক্র ভেঙে দিতে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয় ও ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।