Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

শিশু যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার, জামায়াতের রুকন বহিষ্কার

শিশু যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার, জামায়াতের রুকন বহিষ্কার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর এক রুকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ওমর ফারুক (৩৫) পেশায় একজন গ্রাম্য চিকিৎসক এবং বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের রুকন ছিলেন। বর্তমানে তিনি আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই প্রাইভেট পড়তে যাওয়া শিশুটিকে অন্য শিক্ষার্থীদের বিদায় করার পর একা পেয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ওমর ফারুকের বিরুদ্ধে। পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

গত শুক্রবার পুলিশ তাকে আটক করে এবং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় জামায়াত নেতারা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন জানান, উপজেলা জামায়াতের সভায় সর্বসম্মতিক্রমে ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।