সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কমিটির কার্যক্রম পরিচালনার রূপরেখা, কাজের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।
জাতীয় সংসদ ভবনে দুপুর ১২টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবিধান সংশোধন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ও পরবর্তী কার্যক্রম নিয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় হবে।
এর আগে, গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়।
সরকারি দলের পক্ষ থেকে কমিটিতে বিরোধী দলের পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য নাম চাওয়া হলেও বিরোধী দল কোনো প্রতিনিধি মনোনয়ন দেয়নি।
বিশেষ কমিটি গঠনের দিনই বিরোধী দল জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে। তাদের দাবি, সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রীয় সংস্কারকে অগ্রাধিকার দেওয়া উচিত। পাশাপাশি তারা অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়ে আসছে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান সংশোধন প্রশ্নে সরকার ও বিরোধী দলের অবস্থান ভিন্ন হওয়ায় বিশেষ কমিটির কার্যক্রম দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।